ডিসিও সদস্য সনদে সই করলো বাংলাদেশ

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪১  

বাহরাইন, সাইপ্রাস, জিবুতি, গাম্বিয়া, ঘানা, জর্ডান, কুয়েত, পাকিস্তান, ওমান, নাইজেরিয়া, রুয়ান্ডা, মরক্কো এবং সৌদি আরবের মতো দেশগুলো অংশগ্রহণে গঠিত বিশ্বের প্রথম স্বতন্ত্র আন্তর্জাতিক বহুপাক্ষিক সংস্থা ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (DCO) সদস্য রাষ্ট্র হলো বাংলাদেশ। ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বের প্রায় ৮০০ মিলিয়ন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হলো ডিজিটাল ব-দ্বিপটি। দেশের নারী, যুবক এবং উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে ক্ষমতায়ন নিশ্চিত করতে মঙ্গলবার নতুন দেশ হিসেবে ডিসিও কর্মসম্পাদন (চার্টার) সনদে সই করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেনের সেক্রেটারি জেনারেল মিসেস দীমা আল ইয়াহিয়া এবং বাংলাদেশ এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুক্তি বিষয়ে নিয়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ সারাবিশ্বে অনুকরণীয় সফল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই জোটে সংযুক্ত হয়ে আমাদের ৪টি সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সদস্যভুক্ত ১৫টি দেশে বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তারা একে অন্যের দেশে ব্যবসায় ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হলো। পাশাপাশি সাইবার সুরক্ষায় বাংলাদেশ অংশীদারিত্ব প্রতিষ্ঠায় আরো শক্তিশালী ভূমিকা রাখা এবং স্টার্টআপ পাসপোর্ট প্রাপ্তির সুবিধা পাবে।”  

ডিসিও-তে যোগদানের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনের পথ আরো সুগম হলো বলে আশাবাদ ব্যক্ত করেন পলক।